রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

ভোটার হলেন জাইমা রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ০২:৩৩ পিএম

ভোটার হলেন জাইমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে গিয়ে তিনি তাঁর নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন।

ইসি ভবনে জাইমা রহমান: বেলা ১২টা ২০ মিনিটের দিকে জাইমা রহমান তাঁর মা ডা. জুবাইদা রহমানের সঙ্গে নির্বাচন ভবনের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রবেশ করেন।

সেখানে তিনি আঙুলের ছাপ ও চোখের আইরিশ দেওয়ার মাধ্যমে বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করেন। প্রায় ২৫ মিনিট পর ১২টা ৪৫ মিনিটের দিকে তিনি ইসি ভবন ত্যাগ করেন।

জানা গেছে, তিনি তাঁর বাবা তারেক রহমানের মতো ঢাকা-১৭ আসনের (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান আগেই ভোটার নিবন্ধন সম্পন্ন করেছিলেন। ইসি সূত্র অনুযায়ী, গত ২৩ জুন তাঁর তথ্য সংগ্রহ ও নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছিল।জাইমা রহমান চলে যাওয়ার কিছুক্ষণ পর দুপুর ১টার দিকে তারেক রহমান ইসি ভবনে পৌঁছান।

এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানিয়েছেন, তারেক রহমান অনলাইনে আবেদন করেছেন এবং বায়োমেট্রিক সম্পন্ন করার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর এনআইডি প্রস্তুত হয়ে যাবে।দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফিরেছেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও ভোটাধিকার নিশ্চিত করতেই এই দ্রুততম ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করল তাঁর পরিবার।