ডিসেম্বর ৩০, ২০২৫, ০৮:৪০ পিএম
বৈরি আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে উৎসর্গ করে ‘স্যালুটিং আওয়ার কালচারাল হিরো’ শিরোনামে নতুন অনলাইন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ মোড় থেকে এই কর্মসূচি ঘোষণা করার পর আন্দোলনকারীরা স্থান ত্যাগ করেন।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের জানান, মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব প্ল্যাটফর্মে এই অনলাইন প্রচারণা চলবে।
তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, যারা গান গাইতে পারেন বা বক্তব্য দিতে পারেন, তারা শহীদ ওসমান হাদিকে উৎসর্গ করে ভিডিও বা ডকুমেন্টারি পোস্ট করবেন। আবহাওয়া খারাপ থাকায় সশরীরে কর্মসূচির পরিবর্তে এই ডিজিটাল প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে।
আব্দুল্লাহ আল জাবের আরও জানান, আগামী দুই দিন তারা দেশের প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে যাবেন এবং এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানাবেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো রাজনৈতিক দল এই আন্দোলনে অসহযোগিতা করে, তবে শাহবাগ থেকে তাদের নাম প্রকাশ করে দেওয়া হবে এবং কারা দিল্লির দাসত্ব করে ক্ষমতায় যেতে চায় তা জনগণের সামনে পরিষ্কার করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন