বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মাওলানা ভাসানী ও আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ০৫:০১ পিএম

মাওলানা ভাসানী ও আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি থেকে উত্তরাঞ্চলের নয়টি জেলায় চার দিনব্যাপী এক বিশেষ সফরে যাচ্ছেন। বুধবার দলটির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে।

সফরে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ এবং তাঁর নানি তৈয়বা মজুমদারসহ জুলাই বিপ্লব ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী ১১ জানুয়ারি টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া সফরের মাধ্যমে তাঁর যাত্রা শুরু হবে। এরপর ১২ জানুয়ারি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সফর করবেন।

১৩ জানুয়ারি তিনি পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন এবং ১৪ জানুয়ারি বগুড়া হয়ে ঢাকায় ফিরে আসবেন। সফরের মূল উদ্দেশ্য হলো জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করা এবং তাঁদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা।

বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলাগুলোর প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়ে জানানো হয়েছে যে এই সফরটি সম্পূর্ণ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ। ফলে এতে নির্বাচন কমিশনের কোনো আচরণবিধি লঙ্ঘন হবে না। দীর্ঘ ১৯ বছর পর তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।