বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ০৭:০৭ পিএম

আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে

আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি ‘অ্যারেঞ্জ’ বা সাজানো হয়, তবে দেশ অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে বলে নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে এক বৈঠক শেষে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ কথা জানান।

সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের লক্ষে জামায়াতের পক্ষ থেকে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।

বৈঠক শেষে ডা. তাহের অভিযোগ করেন যে, মাঠ পর্যায়ের প্রশাসন বর্তমানে বৈষম্যমূলক আচরণ করছে, যা একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ তৈরির পথে বড় বাধা। তিনি বলেন, “একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সুরক্ষা দেওয়া হচ্ছে।

এমনকি দ্বৈত নাগরিকত্বের মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও একটি দলের ডজনখানেক প্রার্থীর মনোনয়ন বৈধ করা হয়েছে, যা আইনি ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। তিনি আরও অভিযোগ করেন যে, একটি বিশেষ দলের পক্ষ থেকে বিভিন্ন কার্ড বিতরণ করে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের পাশাপাশি ইসি কর্মকর্তাদের উদ্দেশ্যে ডা. তাহের বলেন, অতীতে পাতানো নির্বাচনের ফল দেশ ও জাতির জন্য ভালো হয়নি।

বর্তমান সরকারের কিছু কর্মকাণ্ডে জনমনে নির্বাচন নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, জামায়াত কোনো বিশেষ কর্মকর্তার তালিকা ইসিকে দেয়নি, বরং তারা নীতির প্রশ্নে নিরপেক্ষতা দাবি করছে। বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদসহ ৬ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন জামায়াতের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছে।