বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জামায়াত আমিরের ‘এক্স’ হ্যাক দাবি নিয়ে মাহদী আমিনের প্রশ্ন

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:২৫ পিএম

জামায়াত আমিরের ‘এক্স’ হ্যাক দাবি নিয়ে মাহদী আমিনের প্রশ্ন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি নিয়ে গভীর সংশয় ও প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই প্রশ্ন তোলেন। 

মাহদী আমিন মন্তব্য করেন, জামায়াত আমিরের অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে ‘জঘন্য ও অবমাননাকর’ ভাষা ব্যবহার করা হয়েছে, তা যদি হ্যাকারদের কাজ না হয়ে দলটির প্রকৃত বিশ্বাস হয়, তবে তা সমাজকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার নামান্তর।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন হ্যাকিংয়ের ঘটনার সময়ক্রম নিয়ে প্রশ্ন তুলে বলেন, জামায়াত নেতারা দাবি করেছেন তারা বিকেল ৪টা ৫৫ মিনিটে হ্যাক হওয়ার বিষয়টি জানতে পেরেছেন। কিন্তু কেন তারা ১২ ঘণ্টা পর মধ্যরাতে জিডি করলেন? এই দীর্ঘ সময় তারা কেন বিষয়টি জাতির সামনে পরিষ্কার করেননি? 

এছাড়া ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্ট ফিরে পাওয়ার দাবিটিও কতটুকু প্রযুক্তিগতভাবে বিশ্বাসযোগ্য, তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে। তিনি একে ‘নারী বিদ্বেষী’ মানসিকতা ঢাকার অপচেষ্টা হিসেবে অভিহিত করেন।মাহদী আমিন জামায়াতের রাজনৈতিক কাঠামোর সমালোচনা করে বলেন, যে দলটি ইনসাফের কথা বলে, তারা এবার একটি আসনেও কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি। অথচ বাংলাদেশের অর্ধেক জনসংখ্যাই নারী। এর আগেও জামায়াত নেতারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার মতো পশ্চাৎপদ বক্তব্য দিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কটূক্তি করেছেন। 

তিনি অভিযোগ করেন, জামায়াতের সঙ্গে জোটে থাকার কারণে অনেক নারী নেত্রী অপমানিত বোধ করে পদত্যাগ করছেন এবং এমনকি নারী প্রার্থীদের পোশাক-পরিচ্ছদ নিয়েও রুচিহীন মন্তব্য করা হচ্ছে।নির্বাচনী প্রচারণায় জামায়াত কর্মীদের ভূমিকা নিয়ে মাহদী আমিন বলেন, একদিকে তারা বলছেন তাদের শীর্ষ পদে নারী আসতে পারবেন না, অন্যদিকে তাদের নারী কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশের নম্বর সংগ্রহ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। 

তিনি সাফ জানিয়ে দেন, বিএনপি সর্বদা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা, সম্মান ও সম-অধিকারের পক্ষে। কোনো সভ্য সমাজে এ ধরনের ভাষা বা মানসিকতা গ্রহণযোগ্য হতে পারে না। সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ দলের অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।