ফেব্রুয়ারি ২, ২০২৬, ১০:০৮ এএম
উত্তরাঞ্চলে তিন দিনের নির্বাচনী সফর শেষ করে আজ সোমবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা খুলনা ও যশোরে দুটি বিশাল জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিনি প্রথমে খুলনার খালিশপুর প্রভাতি হাই স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।
সেখানে তিনি শিল্পাঞ্চলের শ্রমিকদের উন্নয়ন, বন্ধ মিল-কারখানা চালু এবং মোংলা বন্দর নিয়ে দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন রূপরেখা তুলে ধরবেন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪ জন সংসদ সদস্য প্রার্থীকে এই মঞ্চে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
এরপর দুপুর দেড়টায় তিনি যশোরের উপশহর কলেজ মাঠের সমাবেশে যোগ দেবেন। যশোরের জনসভা থেকে সাতটি জেলার প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেওয়া হবে।
জনসমাগম ও যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে যশোরের সমাবেশটি শহরের বাইরে আয়োজন করেছে জেলা বিএনপি। দলীয় সূত্র জানিয়েছে যে তারেক রহমানের এই সফরকে ঘিরে খুলনা ও যশোর বিভাগে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে সমন্বয় ও শৃঙ্খলাসহ একাধিক উপকমিটি কাজ করছে এবং আধুনিক সাউন্ড সিস্টেম আনা হয়েছে ঢাকা থেকে।
জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বিএনপি নেতারা। খুলনার অবহেলিত শিল্পাঞ্চল ও উপকূলীয় অঞ্চলের টেকসই বেড়িবাঁধ ও গ্যাস সংযোগের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তারেক রহমানের বক্তব্যে প্রাধান্য পেতে পারে। বিকেলেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন