ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:৩৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফলে তার এই জয়ের খবর নিশ্চিত হওয়া গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, শাহজাহান চৌধুরী তার `দাঁড়িপাল্লা` প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন `ধানের শীষ` প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ২৫ ভোট। অর্থাৎ ৪৫ হাজার ৩৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াত নেতা শাহজাহান চৌধুরী।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী শরীফুল আলম চৌধুরী তৃতীয় অবস্থানে রয়েছেন।সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার ৪ লাখ ৯১ হাজার ৭৮৭ জন ভোটারের এই আসনে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বিশেষ করে লোহাগাড়া উপজেলার নয়টি ইউনিয়নে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ সময় পর উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। শাহজাহান চৌধুরী সাতকানিয়া পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড ছমদর পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর জনরায়ের ওপর পূর্ণ আস্থা ব্যক্ত করেছিলেন।
বেসরকারি ফলাফল ঘোষণার পরপরই সাতকানিয়া ও লোহাগাড়া এলাকার প্রধান সড়কগুলোতে আনন্দ মিছিল বের করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। তারা একে অপরকে মিষ্টি খাইয়ে এই বিজয় উদযাপন করেন। নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী তার প্রতিক্রিয়ায় এই বিজয়কে সাধারণ মানুষের এবং সত্যের বিজয় হিসেবে অভিহিত করেছেন। প্রশাসন ও নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সব তথ্য যাচাই শেষে চূড়ান্ত গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন