ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৮:০৫ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক ও নিরঙ্কুশ বিজয়ের পর রাজনৈতিক সৌজন্য হিসেবে গুরুত্বপূর্ণ নেতাদের সাথে সাক্ষাতের উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার ১৫ ফেব্রুয়ারি তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে যাওয়ার পরিকল্পনা করেছেন।
দেশজুড়ে রাজনৈতিক স্থিতিশীলতা এবং নবগঠিত সংসদের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সদ্য সমাপ্ত নির্বাচনে বিএনপি অভাবনীয় সাফল্য দেখিয়েছে যা রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে যা দলটির জন্য একটি বড় রেকর্ড। এছাড়া বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিকরা আরও ৩টি আসন পাওয়ায় সংসদে জোটের মোট আসন সংখ্যা দাঁড়াচ্ছে ২১২টি। এখনো দুটি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে যা বিএনপির পক্ষে যাওয়ার সম্ভাবনা প্রবল।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথমবারের মতো সংসদ নির্বাচনে সরাসরি অংশ নিয়ে ঢাকা ও বগুড়া থেকে লড়েছিলেন এবং দুটি আসন থেকেই বিশাল ব্যবধানে জয়ী হয়ে চমক সৃষ্টি করেছেন। এর আগে ২০০১ সালে চারদলীয় জোটের অধীনে নির্বাচন করে বিএনপি ১৯৩টি আসন পেয়ে সরকার গঠন করেছিল যেখানে জোটসহ মোট আসন সংখ্যা ছিল ২১৬। পঁচিশ বছর পর এবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পুনরায় বড় ধরণের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল।
সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে নতুন সরকার গঠন এবং জাতীয় ঐক্যের বার্তা দিতেই বিজয়ী দলের প্রধান হিসেবে তিনি সমমনা ও প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর শীর্ষ নেতাদের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এবারের নির্বাচনে সংসদে উল্লেখযোগ্য উপস্থিতি বজায় রাখায় তাদের সাথে আগামীর রাজনৈতিক পথরেখা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক অঙ্গনে এই সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে কারণ এটি পারস্পরিক শ্রদ্ধা এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দেয়। জনগণের প্রত্যাশা পূরণে এবং গণতন্ত্রের সুফল নিশ্চিত করতে সকল দলের মধ্যে এমন সমন্বয় জরুরি বলে মনে করছেন বিশিষ্ঠজনেরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন