বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

তালাকপ্রাপ্ত গৃহবধূ জহুরার পাশে তারেক রহমান, নিলেন সব দায়িত্ব

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৯:৫৯ পিএম

তালাকপ্রাপ্ত গৃহবধূ জহুরার পাশে তারেক রহমান, নিলেন সব দায়িত্ব

জহুরার পাশে তারেক রহমান

ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় স্বামীর তালাকপ্রাপ্ত হওয়া ফেনীর গৃহবধূ বিবি জহুরা ও তার তিন সন্তানের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে সদর উপজেলার ধর্মপুর গ্রামে জহুরার শ্বশুরবাড়িতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে এই ঘোষণা দেয় আমরা বিএনপি পরিবার নামক সংগঠনটি। বিএনপির প্রতিনিধি দল জহুরার সন্তানদের ভরণপোষণ পড়াশোনা এবং ঘর তৈরির দায়িত্ব নেওয়ার কথা জানান। 

সংগঠনের সদস্য সচিব মোকসুদুল মোমিন মিথুন জানান যে তারেক রহমানের নির্দেশে তারা জহুরার কাছে নগদ আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন। এখন থেকে প্রতি মাসে পরিবারের খরচের টাকা নিয়মিতভাবে জহুরাকে পাঠানো হবে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে তাকে একটি নতুন ঘর তৈরি করে দেওয়া হবে বলেও জানানো হয়।

 উল্লেখ্য যে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দিতে যাওয়ায় জহুরাকে মৌখিক তালাক দেন তার স্বামী ইসমাইল হোসেন কাওসার। কাওসার স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত। 

জহুরা জীবনের প্রথমবার ভোটার হয়ে উৎসাহ নিয়ে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়েছিলেন যা জানার পর তার স্বামী ক্ষিপ্ত হয়ে এই অমানবিক কাজ করেন। ঘটনার পর থেকে তিন সন্তান নিয়ে জহুরা চরম অনিশ্চয়তার মধ্যে ছিলেন। বিষয়টি তারেক রহমানের নজরে এলে তিনি দ্রুত সহায়তার নির্দেশ দেন। 

প্রতিনিধি দলে ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জহুরার শাশুড়ি শরীফা খাতুনও তার ছেলের এই আচরণের নিন্দা জানিয়ে পুত্রবধূর পাশে দাঁড়িয়েছেন। স্থানীয় এলাকাবাসী বিএনপির এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং জহুরার সংসার পুনস্থাপনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।