বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

‘হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে’: নাসীরুদ্দীন

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৯:৫২ এএম

‘হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে’: নাসীরুদ্দীন

নাসীরুদ্দীন পাটওয়ারী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন স্থানে কার্যালয় খোলার তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার সকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে সরব হন এবং জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি জানান। 

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করে একটি পোস্টের মাধ্যমে তিনি এই প্রসঙ্গটি সামনে আনেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে লিখেন, ‘হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।’ এই বার্তার মাধ্যমে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা পুনরায় শুরু করার অভিযোগ তুলে নবনির্বাচিত সরকারের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন। 

তিনি মূলত প্রশ্ন তুলেছেন যে, রাজনৈতিকভাবে নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগ কীভাবে তাদের কার্যালয় খোলার সাহস পাচ্ছে এবং গণঅভ্যুত্থানের শহীদদের বিচার প্রক্রিয়া কতটুকু কার্যকর হবে।২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। 

দীর্ঘ দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। ওই নির্বাচনে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা থেকে বিজয়ী হলেও ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে নির্বাচনের পর আওয়ামী লীগের সম্ভাব্য পুনরুত্থান এবং বিচার প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে নাসীরুদ্দীনের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।