বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

ববি হাজ্জাজের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া মামুনুল হকের দলের

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১০:১৩ এএম

ববি হাজ্জাজের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া মামুনুল হকের দলের

মাওলানা জালালুদ্দীন আহমদ

ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, নির্বাচনের প্রকৃত ফলাফল জালিয়াতি করার ঘটনা থেকে মানুষের দৃষ্টি সরাতেই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে। 

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এই হুঁশিয়ারি দেন। তিনি স্পষ্ট করে বলেন যে, ববি হাজ্জাজের এই ক্রমাগত মিথ্যাচার ও ষড়যন্ত্র বর্তমান সরকারের স্থায়িত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ আরও অভিযোগ করেন যে, ঢাকা-১৩ আসনের নির্বাচনে মাওলানা মামুনুল হকের পক্ষে বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী চক্র ফলাফল পরিবর্তনের নীলনকশা বাস্তবায়ন করেছে। 

তিনি দাবি করেন, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দীর্ঘ সময় ধরে মামুনুল হককে বিজয়ী ঘোষণা করার পর রহস্যজনকভাবে সংশোধিত ফলাফল প্রচার করা হয়েছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল পত্রে টেম্পারিং ও ওভাররাইটিং করে প্রকাশ্য ‍‍`রেজাল্ট ডাকাতি‍‍` করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। নির্বাচন কমিশনে এই বিষয়ে লিখিত অভিযোগ করার পরেও তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা নিয়ে তিনি গভীর বিস্ময় প্রকাশ করেন।ববি হাজ্জাজের এই অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যা দিয়ে বিবৃতিতে আরও বলা হয় যে, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে যেভাবে মামুনুল হককে দমনের চেষ্টা করা হয়েছিল, এখন সেই একই ধারার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সঙ্গে ববি হাজ্জাজের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও বিবৃতিতে তুলে ধরা হয়। খেলাফত মজলিস মনে করে, জনরোষ ও নির্বাচনি অনিয়ম থেকে বাঁচতে ববি হাজ্জাজ এখন হামলা ও মামলার নাটক সাজাচ্ছেন। মামুনুল হকের মতো জননেতাকে দমানোর কোনো অপচেষ্টা তৌহিদী জনতা মেনে নেবে না বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।