ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১১:১১ এএম
ঢাকা-১৩ আসনের নির্বাচনী ফলাফল কারচুপির অভিযোগে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ সোমবার দুপুর ২টায় রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকালে দলের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সদ্য সমাপ্ত নির্বাচনে এই আসনের ফলাফল নিয়ে দলের পক্ষ থেকে শুরু থেকেই জোরালো আপত্তি জানানো হচ্ছিল।এর আগে ঢাকা-১৩ আসনের ভোট গণনার সময় ব্যাপক জালিয়াতি বা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা মামুনুল হক।
তিনি এই বিষয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন। মামুনুল হক দাবি করেছেন যে, ভোটের দিন কেন্দ্রে মানুষের ব্যাপক উপস্থিতি ছিল এবং পরিবেশও ছিল মোটামুটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর।
তবে গণনার সময় এক ধরণের সুপরিকল্পিত কারসাজি করা হয়েছে যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে মামুনুল হক মন্তব্য করেন যে, এবারের নির্বাচন সহিংসতামুক্ত হলেও ফলাফল তৈরির প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল। তাঁর মতে, পরিকল্পিতভাবেই ভোটের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা হয়েছে এবং বিষয়টি তাঁদের কাছে অত্যন্ত স্পষ্ট।
আজকের সংবাদ সম্মেলনে এই কারচুপির সুনির্দিষ্ট প্রমাণ এবং পরবর্তী রাজনৈতিক কর্মসূচি নিয়ে দলটির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা-১৩ আসনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখন ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন