ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০২:১৪ পিএম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আমীরাবাদ বটতলী শহরে নেতাকর্মীদের সাথে নিয়ে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সোমবার সকাল ১০টার দিকে লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরাসরি ময়লা পরিষ্কারের কাজে অংশ নিয়ে সংসদ সদস্য জনসেবার রাজনীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেন।
অভিযানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ একযোগে অংশ নেন এবং বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্র ও জনবহুল স্থান থেকে আবর্জনা অপসারণ করেন।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জানান, বাংলাদেশের বড় বড় শহর ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে প্রায়ই অবহেলার কারণে ময়লা-আবর্জনার স্তূপ জমে থাকে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এবং নানা মহামারীর কারণ হয়ে দাঁড়ায়। কেন্দ্রীয় আমিরে জামায়াতের বিশেষ নির্দেশনায় জনস্বার্থ রক্ষায় এই কর্মসূচি পালিত হচ্ছে।
তিনি ঘোষণা দেন যে, বটতলী শহরের প্রতিটি আনাচে-কানাচে পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন ও সচেতন নাগরিকদের সাথে নিয়ে একটি স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।সংসদ সদস্য এ সময় লোহাগাড়ার দীর্ঘদিনের দাবি পূরণে একটি বড় ঘোষণা দেন।
তিনি আগামী দুই মাসের মধ্যে লোহাগাড়াকে পৌরসভায় রূপান্তর করার প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু করার আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি স্থানীয় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার বিষয়েও অত্যন্ত কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। শাহজাহান চৌধুরী স্পষ্ট করে বলেন যে, এলাকায় কোনো প্রকার মাটিখেকো চক্র, অবৈধ বালি উত্তোলনকারী বা চাঁদাবাজদের কোনো স্থান দেওয়া হবে না। এই ধরনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে বা কেউ হয়রানির শিকার হলে তা সরাসরি তাঁকে জানানোর জন্য লোহাগাড়াবাসীর প্রতি অনুরোধ করেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন