শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে: ফখরুল আলমগীর

রবিউল এহ্সান রিপন

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০২:৫৩ পিএম

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে: ফখরুল আলমগীর

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মির্জা ফখরুল

গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার কাজ করে যাচ্ছে এবং নির্ধারিত সময়েই স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে ঠাকুরগাঁও হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনরত এই প্রবীণ নেতা আরও বলেন, ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও কার্যকর করতে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রী তাঁর বক্তব্যে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি সবসময় এই অঞ্চলের মানুষের কাছে ঋণী। জনগণের অব্যাহত সমর্থন ও ভালোবাসা পেয়েছেন বলেই তিনি দেশের ও মানুষের জন্য কাজ করার সুযোগ পাচ্ছেন। দেশের বর্তমান পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রশাসনিক ও গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা হবে। 

সরকারি দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর তিন দিনের প্রথম সরকারি সফর। নিজ নির্বাচনী এলাকায় এসে মসজিদের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে তিনি তাঁর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।সফরের কর্মসূচি অনুযায়ী, শুক্রবার বিকেলে তিনি ইএসডিও আয়োজিত একটি ইফতার মাহফিলে অংশ নেবেন। সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি। 

একই দিন বিকেলে জেলা বিএনপি ও মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। তিন দিনের এই ব্যস্ত সফর শেষে রবিবার সকালে তিনি আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।ভিত্তিপ্রস্তর স্থাপনকালে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রশাসনের পক্ষ থেকে মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।