ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৬:৫০ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে দল তিনটি বিশেষ লক্ষ্য অর্জনে সফল হয়েছে। প্রথমত এই প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ রাজনৈতিক ঐক্য গঠিত হয়েছে যা আগে সবসময় অন্য কোনো দলের অধীনে ছিল।
দ্বিতীয়ত এবারের নির্বাচনে জামায়াত প্রধান বিরোধী দলের মর্যাদা লাভ করেছে। তৃতীয়ত জামায়াত এবার সমান্তরালভাবে ছয়টি ভিন্ন শক্তির বিরুদ্ধে লড়াই করেছে যা তাদের সম্মিলিত শক্তি সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে সহায়তা করেছে। শুক্রবার দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ডা. শফিকুর রহমান আরও বলেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের এবং সাধারণ অধিকারবঞ্চিত মানুষের বাংলাদেশ।
তিনি দলের নেতাকর্মীদের এখনই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্ট করে বলেন জাতীয় নির্বাচন ছিল তাদের প্রথম লড়াই এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন হবে জামায়াতের জন্য দ্বিতীয় লড়াই। এই লড়াইয়ে দেশের কোনো একটি আসন বা পদও যেন তাদের প্রার্থীর বাইরে না থাকে সেভাবে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরে জামায়াত আমির নেতাকর্মীদের জনগণের আরও কাছাকাছি যাওয়ার আহ্বান জানান।
তিনি মনে করেন রাজনৈতিক এই পরিক্রমায় স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এখানে জামায়াতের শক্ত অবস্থান নিশ্চিত করা সময়ের দাবি। জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও কর্মপরিষদ সদস্যরা এই শিক্ষা শিবিরে অংশগ্রহণ করেন যেখানে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও পরবর্তী রাজনৈতিক কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা সম্পন্ন হয়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত আমিরের এই নতুন ঘোষণা স্থানীয় ও জাতীয় রাজনীতিতে নতুন মাত্রার যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন