বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬,

ঐক্যের মাধ্যমেই মুসলিম উম্মাহর মুক্তি: মামুনুল হক

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:৪৩ পিএম

ঐক্যের মাধ্যমেই মুসলিম উম্মাহর মুক্তি: মামুনুল হক

সম্মাননা পেলেন মামুনুল হক

বর্তমান মুসলিম উম্মাহ যে নানাবিধ সংকট ও সমস্যার সম্মুখীন হচ্ছে, তার অন্যতম প্রধান কারণ হলো নিজেদের মধ্যকার অনৈক্য ও বিভক্তি। এই সংকট থেকে উত্তরণের জন্য আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী ঐক্যবদ্ধ হওয়া এবং ‘আল্লাহর রজ্জু’ দৃঢ়ভাবে ধারণ করা ছাড়া বিকল্প নেই। শুক্রবার বিকেলে রাজধানীর নিউইস্কাটনের বিয়াম অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির’ বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

মাওলানা মামুনুল হক তার বক্তব্যে উল্লেখ করেন, একটি শক্তিশালী মুসলিম সমাজ গঠনের জন্য পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, ভিন্ন ভিন্ন দল বা সংগঠনের মধ্যে আদর্শিক মতপার্থক্য থাকাটা স্বাভাবিক, তবে ইসলামের প্রসার এবং কোরআনের শিক্ষার প্রশ্নে সবাইকে একযোগে কাজ করতে হবে। 

অনুষ্ঠানে ইসলামি শিক্ষা ও ওলামা ঐক্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে ‍‍`বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি অ্যাওয়ার্ড-২০২৬‍‍` প্রদান করা হয়। সম্মাননা গ্রহণের পর তিনি সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আবদুস শহীদ নাসিম। তিনি জানান, ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এই সোসাইটি আলোকিত সমাজ গড়তে ভূমিকা রাখছে। এ বছর মোট ৯ জন বিশিষ্ট ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

জুলাই বিপ্লব ২০২৪-এ অবদানের জন্য: নাহিদ ইসলাম এমপি।

শিক্ষা বিস্তার ও সমাজ সেবায়: অধ্যাপক মাহবুব আহমদ।

আদর্শ প্রশাসক (মরণোত্তর): শাহ আবদুল হান্নান ও এ জেড এম শামসুল আলম।

মহিলাদের দীনি দাওয়াতে: অধ্যাপক ড. শামীমা তাসনিম।

অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল (অব.) মাহবুব উল আলম বলেন, একটি জাতির প্রকৃত শক্তি কেবল সামরিক বা অর্থনৈতিক সচ্ছলতায় নয়, বরং নৈতিকতা ও শৃঙ্খলার ওপর নির্ভর করে। কোরআনের শিক্ষা মানুষকে দায়িত্বশীল ও সৎ হিসেবে গড়ে তোলে, যা একটি সুশাসিত রাষ্ট্র গঠনের মূল ভিত্তি। অনুষ্ঠানে সম্মাননা প্রদানের পাশাপাশি ৫০ জন মেধাবী ছাত্রছাত্রীর মাঝে শিক্ষা বৃত্তি ও সনদ বিতরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদসহ দেশবরেণ্য ওলামা ও শিক্ষাবিদগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।