রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

গণভোটের বিষয়টি সংসদের, আদালতের নয়: জামায়াত

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ০৩:০২ পিএম

গণভোটের বিষয়টি সংসদের, আদালতের নয়: জামায়াত

জামায়াতের সংবাদ সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি একান্তই জাতীয় সংসদের এখতিয়ারভুক্ত, এটি আদালতের বিষয় নয়। সোমবার রাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। 

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য একটি মহল সুপরিকল্পিতভাবে এই ইস্যুটিকে আদালতের দোরগোড়ায় নিয়ে গেছে।ব্রিফিংয়ে অ্যাডভোকেট জুবায়ের বলেন, দেশে ফ্যাসিবাদ প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদী সংস্কারের লক্ষ্যে জুলাই জাতীয় সনদ প্রায় দুই-তৃতীয়াংশ জনমত ও ভোটে সমর্থিত হয়েছে। 

আগামী ১২ মার্চ জাতীয় সংসদের অধিবেশন বসতে যাচ্ছে, যেখানে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা এ বিষয়ে বিশদ আলোচনা করবেন। তিনি সতর্ক করে বলেন, অতীতে আদালতের কাঁধে বন্দুক রেখে তদারকি সরকার (কেয়ারটেকার) ব্যবস্থা বাতিল করার ফলে দেশ ১৬ বছর ভয়াবহ সংকটে নিমজ্জিত ছিল। 

সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে জাতীয় বিপর্যয় আরও ঘনীভূত হতে পারে।সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনির হাইকোর্টে দায়ের করা দুটি রিট পিটিশনের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, একটি রিটে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে স্থগিতাদেশ চাওয়া হয়েছে। অন্য একটি রিটে গণভোট অধ্যাদেশের প্রশ্নাবলী এবং এর সাংবিধানিক ভিত্তি নিয়ে রুল চাওয়া হয়েছে, যেখানে মন্ত্রিপরিষদ বিভাগ ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিবাদী করা হয়েছে।

জামায়াত নেতারা আহ্বান জানিয়েছেন যে, যেহেতু বিষয়টি জনগণের সরাসরি অংশগ্রহণে (গণভোটে) একটি পর্যায়ে পৌঁছেছে, তাই আইনি মারপ্যাঁচে ফেলে এটিকে ঝুলিয়ে না রেখে অবিলম্বে কার্যকর করা উচিত। তারা মনে করেন, সংসদের কাজ সংসদকে করতে দেওয়াই হবে গণতান্ত্রিক রীতির প্রকৃত বহিঃপ্রকাশ। ব্রিফিংয়ে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।