রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

সিলেটে নাসির পাটওয়ারীর সামনে হাদি হত্যার বিচারে স্লোগান

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৫, ২০২৬, ১০:৪০ এএম

সিলেটে নাসির পাটওয়ারীর সামনে হাদি হত্যার বিচারে স্লোগান

সিলেটে তরুণদের বিক্ষোভ

সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহ এলাকায় বুধবার রাতে তারাবির নামাজ শেষে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারীর উপস্থিতিতে সেখানে শত শত তরুণ জমায়েত হয়ে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে ‘তুমি কে আমি কে—হাদি হাদি’ স্লোগানে পুরো দরগাহ এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। 

এর আগে এনসিপির নেতারা দলীয় ইফতার মাহফিল শেষে দরগাহ জামে মসজিদে নামাজ আদায় করতে গেলে সেখানে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে।

নাসির উদ্দিন পাটওয়ারী যখন মসজিদের ভেতরে নামাজ আদায় করছিলেন তখন থেকেই দরগাহ প্রাঙ্গণ ও আশপাশের সড়কে তরুণরা জড়ো হতে শুরু করেন। নামাজ শেষে তিনি বের হওয়ার পরপরই উপস্থিত জনতা বিচার চেয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। উল্লেখ্য যে শহীদ শরীফ ওসমান বিন হাদি গত জুলাই আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম প্রথম সারির যোদ্ধা ছিলেন। 

তিনি ঢাকা আট আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন এবং অল্প সময়ে ব্যাপক জনসমর্থন তৈরি করেছিলেন। গত ১২ ডিসেম্বর নির্বাচনি তফসিল ঘোষণার পর জুমার নামাজ পড়ে বাসায় ফেরার পথে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন।বর্তমানে রমজান মাস উপলক্ষে নাসির উদ্দিন পাটওয়ারী দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলা সফর করছেন। এরই ধারাবাহিকতায় সিলেটে অবস্থানকালে তার সঙ্গে সাধারণ মানুষের এই সাক্ষাৎ ঘটে। 

স্লোগানগুলোতে হাদি হত্যার বিচারের পাশাপাশি দেশ থেকে চাঁদাবাজি নির্মূলের দাবিও জানানো হয়। জনতা এবং সমর্থকদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সিলেটের স্থানীয় রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। পুরো এলাকা জুড়ে দীর্ঘ সময় ধরে এই বিক্ষোভের আমেজ বজায় ছিল যা জননিরাপত্তা ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।