রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি নাহিদ ইসলামের

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৫, ২০২৬, ১১:১৩ পিএম

দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি নাহিদ ইসলামের

বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সুকৌশলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবের আওতায় আনা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত। 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান।

নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে অভিযোগ করেন যে, জুলাই সনদে রাষ্ট্র সংস্কারের যে অঙ্গীকার করা হয়েছিল, বর্তমানে সেই প্রক্রিয়ার গতি ব্যাহত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মতো স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে সরকার দলীয়করণ করার চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।

তাঁর মতে, একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে এসব প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে পুরোপুরি জনকল্যাণে নিয়োজিত করা আবশ্যক। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার বিষয়টি তাঁদের জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বলেও তিনি স্মরণ করিয়ে দেন।অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকদের দৃষ্টি আকর্ষণ করে এনসিপির এই নেতা বলেন, গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের সমর্থন প্রয়োজন। 

তিনি মনে করেন, জনগণের জানমালের নিরাপত্তা ও সুশাসন নিশ্চিত করতে হলে রাজনৈতিক দলগুলোর উর্ধ্বে উঠে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে হবে। জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে রাষ্ট্রের মৌলিক কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তিনি হুঁশিয়ারি দেন। ইফতার মাহফিলে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।