এপ্রিল ২০, ২০২৬, ১২:৪৩ পিএম
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ বার্তা দিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শিক্ষার্থীদের এই অনুপ্রেরণা দেন।
জীবনের প্রথম বড় ধরনের এই পাবলিক পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের প্রতি তিনি তাঁর গভীর মমত্ববোধ ও দোয়া প্রকাশ করেছেন।শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া ওই ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল।
তিনি আরও উল্লেখ করেন যে, এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর কাঙ্ক্ষিত সফলতা কামনা করছেন তিনি। শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশের কারিগর হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, আগামীর বাংলাদেশ তোমরাই গড়বে, ইনশাআল্লাহ।
মহান আল্লাহ তায়ালার কাছে তিনি সকল পরীক্ষার্থীর সুস্থতা এবং পরীক্ষায় সফলভাবে অংশগ্রহণের তৌফিক প্রার্থনা করেন।উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে দেশব্যাপী একযোগে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এবার সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। চূড়ান্ত রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো চলবে আগামী ২০ মে পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে এবং প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষে আগামী ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। এবারের পরীক্ষায় বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণকে কেন্দ্র করে শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সুশৃঙ্খল পরিবেশেই শেষ হবে এবারের শিক্ষাবর্ষের এই বড় আয়োজন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন