এপ্রিল ২১, ২০২৬, ০২:২৮ পিএম
জাতীয় সংসদে এক পরিবারের একাধিক সদস্য সংসদ সদস্য হিসেবে থাকবেন না—এটিই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতিগত অবস্থান বলে জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
জামায়াতের এই নেতা জানান, দলীয় সংস্কার ও গুণগত রাজনীতির অংশ হিসেবেই তারা এই সিদ্ধান্ত বজায় রেখেছেন।সংরক্ষিত নারী আসনে অতীতে জামায়াতের আমিরের স্ত্রীর সংসদ সদস্য হওয়ার নজির থাকলেও এবার কেন তাকে দেখা যাচ্ছে না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, আমাদের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে এক পরিবারে দুজন সংসদ সদস্য নয়।
অতীতেও বিশেষ প্রেক্ষাপট ছাড়া আমরা সাধারণত এটি অনুমোদন দিইনি এবং এবারও সেই অন প্রিন্সিপাল বা নীতিগত অবস্থান থেকে আমরা সরে আসিনি। এটি দলের একটি সুচিন্তিত সিদ্ধান্ত। তিনি আরও দাবি করেন যে, জামায়াতের নারী শাখায় যোগ্য নেতৃত্বের কোনো সংকট নেই। আমিরের স্ত্রী ছাড়াও দলে ডজন ডজন হেভিওয়েট নারী নেত্রী রয়েছেন যারা দেশ পরিচালনায় সক্ষম।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা। তিনি নিজে একজন প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে জানান, দলীয় আমিরের অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় তিনি প্রার্থী হয়েছেন। সংসদে নির্বাচিত হয়ে যেতে পারলে তিনি দেশের বঞ্চিত ও অবহেলিত নারীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে চান। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নারীদের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি কাজ করার প্রতিশ্রুতি দেন।
এবারের নির্বাচনে জামায়াত ও তাদের জোট শরিকদের অন্যতম বড় চমক হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগমকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে তাঁর মনোনয়ন জমা দেওয়ার পর রোকেয়া বেগম আবেগাপ্লুত কণ্ঠে জানান, তিনি সংসদে যাওয়ার সুযোগ পেলে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের হত্যার বিচার দাবি করবেন। একই সঙ্গে তিনি প্রধান বিরোধী দল বিএনপিকে ইঙ্গিত করে বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করলে বিএনপিও শহীদ বা আহত পরিবারের কোনো সদস্যকে মনোনয়ন দিয়ে মূল্যায়িত করতে পারতো। জামায়াত ও তাদের জোট সেই উদারতা দেখিয়েছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন