এপ্রিল ২১, ২০২৬, ০৮:৫৪ পিএম
বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তাঁর সংসদীয় কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় গণতন্ত্রের সুসংহতকরণ এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির এ সময় উপস্থিত ছিলেন।বৈঠক শেষে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে ‘জুলাই সনদ’ ও গণভোট সংক্রান্ত বিষয়াদি।
জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বাংলাদেশে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর জোর দেন। জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণরায়ের প্রতি পুরোপুরি দায়বদ্ধ।
তিনি স্পষ্ট করে বলেন, জামায়াত রাষ্ট্রীয় কাঠামোর এমন গুণগত পরিবর্তন ও সংস্কার চায়, যাতে ভবিষ্যতে দেশে আর কোনোভাবেই একদলীয় শাসন বা স্বৈরতন্ত্র ফিরে আসতে না পারে।বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে উভয় পক্ষ গঠনমূলক মতবিনিময় করেন। জার্মানি ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রগুলো আরও সম্প্রসারিত করার বিষয়েও আশাবাদ ব্যক্ত করা হয়। এ ছাড়া শিক্ষা ও তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে জার্মানির কারিগরি সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব আগামীতে আরও বেগবান হবে বলে দুই পক্ষই একমত পোষণ করেন।
উচ্চপর্যায়ের এই সাক্ষাৎকারে বিরোধীদলীয় নেতার সঙ্গে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর। কূটনৈতিক মহলের মতে, গুরুত্বপূর্ণ এই বৈঠকটি বাংলাদেশের আগামীদিনের রাজনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা বহন করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন