রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

সংসদে গেলে আপনাদের ভোটেই যাব: ডা. তাসনিম জারা

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ০৯:২০ পিএম

সংসদে গেলে আপনাদের ভোটেই যাব: ডা. তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জনপ্রিয় চিকিৎসক ও অনলাইন ব্যক্তিত্ব ডা. তাসনিম জারা। মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, তিনি মনোনীত হয়ে নয় বরং সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েই দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভায় প্রতিনিধিত্ব করতে চান।

তাসনিম জারা তাঁর পোস্টে উল্লেখ করেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণার পর অনেকেই তাঁকে তালিকায় না দেখে দুঃখ প্রকাশ ও সহানুভূতি জানিয়েছেন। 

তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, তাঁকে সংরক্ষিত আসনে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। তাঁর মতে, বাংলাদেশে অর্ধেকের বেশি জনসংখ্যা নারী হওয়ায় তাঁদের প্রতিনিধিত্ব সুনির্দিষ্ট গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হওয়া উচিত। তিনি মনে করেন, সংরক্ষিত আসন যদি রাখতেই হয়, তবে সেগুলোও জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্ধারিত হওয়া বাঞ্ছনীয়।

রাজনীতিতে নিজের অভিজ্ঞতা ও জনগণের সমর্থনের কথা স্মরণ করে ডা. তাসনিম জারা লেখেন, তিনি বিগত নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কোনো মিছিল, পোস্টার বা বড় ধরণের প্রচার ছাড়াই মাত্র ১৯ দিনের সীমিত প্রচারে ৪৪ হাজারেরও বেশি মানুষ তাঁকে ভালোবেসে ভোট দিয়েছিলেন। নির্বাচনী অনিয়মের অভিযোগ থাকলেও ফলাফল মেনে নিয়ে তিনি জানিয়েছিলেন যে, সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ করা সম্ভব এবং তিনি সেই পথেই হাঁটতে চান।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে এই চিকিৎসক আরও বলেন, তিনি যদি কোনোদিন সংসদে প্রবেশ করেন তবে তা কেবল জনগণের সরাসরি ম্যান্ডেট বা ভোটের মাধ্যমেই হবে। মনোনীত এমপি হওয়ার চেয়ে জনগণের প্রত্যক্ষ সমর্থনকে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। আপাতত সংসদের বাইরে থেকেই স্বাস্থ্যসেবা ও জনসচেতনতামূলক সামাজিক কাজগুলো চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। তাঁর এই আদর্শিক অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।