রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

চট্টগ্রামে শিবিরে হামলার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ১১:৩৪ পিএম

চট্টগ্রামে শিবিরে হামলার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর বহিরাগতসহ ‘ছাত্রদল নামধারী’ সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কড়া প্রতিবাদ জানান। 

বিবৃতিতে তিনি এই ধরণের সহিংসতাকে শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার একটি পরিকল্পিত অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।মিয়া গোলাম পরওয়ার তাঁর বিবৃতিতে বলেন, মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের সরকারি সিটি কলেজে বহিরাগত ও ছাত্রদল নামধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে পৈশাচিক ও বর্বরোচিত হামলা চালিয়েছে। 

এই হামলায় ইসলামী ছাত্রশিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি এই নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের আওতায় আনার দাবি তোলেন।

জামায়াত সেক্রেটারি জেনারেল আরও উল্লেখ করেন, মঙ্গলবার ছাত্রদলের কর্মীরা শিক্ষাঙ্গনে যে বর্বরতা ও সহিংসতা সৃষ্টি করেছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। বিশেষ করে ছাত্রশিবিরের কর্মীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা, গুরুতর জখম এবং একজনের পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করার মতো হৃদয়বিদারক ঘটনা প্রমাণ করে যে, হামলাকারীরা পরিকল্পিতভাবেই শিক্ষাঙ্গনের পরিবেশ উত্তপ্ত করতে চাচ্ছে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কখনোই সহিংসতা ও সন্ত্রাসের চারণভূমি হতে পারে না। মতভিন্নতা থাকাটাই স্বাভাবিক, কিন্তু তার প্রকাশ কখনোই অস্ত্রের ভাষায় হওয়া উচিত নয়।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার সতর্ক করে বলেন, এ ধরণের জঘন্য কর্মকাণ্ড জাতির ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ঠেলে দেবে। তিনি অবিলম্বে এই ঘটনার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ঐক্য ধরে রাখতে সব ধরণের উস্কানি ও সংঘাত পরিহার করার পরামর্শ দেন এই শীর্ষ নেতা।