রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

সংবিধান সংস্কার পরিষদ না হওয়া প্রথম অধিবেশনের ব্যর্থতা: আখতার

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ১১:০০ পিএম

সংবিধান সংস্কার পরিষদ না হওয়া প্রথম অধিবেশনের ব্যর্থতা: আখতার

আখতার হোসেন

সংবিধান সংস্কার পরিষদ গঠিত না হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের একটি বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে সংসদের প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণার পর সংসদ ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।আখতার হোসেন জানান, সংসদের প্রথম অধিবেশনটি বেশ ইন্টারেকটিভ বা প্রাণবন্ত ছিল। 

তবে এই অধিবেশন থেকে অনেক প্রত্যাশা থাকলেও সংবিধান সংস্কার পরিষদ গঠিত না হওয়াটা একটি নেতিবাচক দিক। তিনি আরও উল্লেখ করেন, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে অনেকগুলো নিয়ে আলোচনা করার সুযোগ পাওয়া যায়নি, যা এই অধিবেশনের আরেকটি ব্যর্থতা হিসেবে তিনি মনে করেন।

বিরোধীদলীয় এই সংসদ সদস্য অভিযোগ করে বলেন, যেসব অধ্যাদেশ দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল সেগুলো এড়িয়ে যাওয়া বা স্কিপ করা হয়েছে। বিপরীতে যেসব অধ্যাদেশ স্থানীয় সরকার ব্যবস্থাকে টিকিয়ে রেখে ক্ষমতাকে মজবুত করে, সেগুলো বহাল তবিয়তে রাখা হয়েছে। 

এ ছাড়া গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সুরাহা না হওয়াটাও কাম্য ছিল না বলে তিনি মন্তব্য করেন।আখতার হোসেন তাঁর বক্তব্যে সংসদকে আরও কার্যকর অবস্থায় দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ইতিহাসের মূল্যায়ন অবশ্যই করা উচিত। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি শুধু দোষারোপের বিষয়টি চলে আসে, তবে জাতি পিছিয়ে যাবে। তিনি জাতীয় স্বার্থে সংসদীয় বিতর্কে যৌক্তিক সমালোচনার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, গত ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার রাতে সমাপ্ত হয়েছে। দীর্ঘ এই অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু ও অধ্যাদেশ নিয়ে আলোচনা হলেও সংবিধান সংস্কারের মতো মৌলিক কিছু বিষয়ে সুরাহা না হওয়ায় অসন্তোষ প্রকাশ করলেন এই সংসদ সদস্য।