শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে শ্রমিক কল্যাণের সমাবেশ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১, ২০২৬, ০৪:৩১ পিএম

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে শ্রমিক কল্যাণের সমাবেশ

দক্ষিণ গেটে শ্রমিক সমাবেশ

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট চত্বরে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি দুপুর তিনটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনের সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিমের সঞ্চালনায় সমাবেশে ইতিমধ্যে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখা শুরু করেছেন। 

প্রধান বক্তা হিসেবে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ও আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বায়তুল মোকাররম এলাকায় জড়ো হতে থাকেন। 

ব্যানার, ফেস্টুন ও মে দিবস সংশ্লিষ্ট বিভিন্ন দাবি সংবলিত স্লোগান দিয়ে মুখরিত হয়ে ওঠে দক্ষিণ গেট চত্বর। জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতারাও এই সমাবেশে উপস্থিত রয়েছেন।বক্তারা তাঁদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের দাবি তুলে ধরছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকের ন্যায্য পাওনা ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যেই এই বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও গুলিস্তান সংলগ্ন এলাকায় যান চলাচল কিছুটা সীমিত হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নয়াপল্টন ও বায়তুল মোকাররম এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।