রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১, ২০২৬, ০৪:৪৩ পিএম

‘একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’

বক্তব্য দিচ্ছেন মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়। শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশ শেষে তিনি এ দাবি করেন।মিয়া গোলাম পরওয়ার বলেন, সময়ের প্রয়োজনে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র বহুবার পরিবর্তন করা হয়েছে। 

বর্তমান গঠনতন্ত্রের ভূমিকায় মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বলে তিনি জানান।

সাংবিধানিক পরিবর্তনের পরেও একটি মহল পুরোনো বিতর্ককে জিইয়ে রাখতে চায় উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, পুরোনো বিতর্ক জিইয়ে রাখা দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়। এটি জাতিকে বিভক্ত করার একটি বিদেশি ষড়যন্ত্রের অংশ মাত্র। দেশের বৃহত্তর স্বার্থে এসব বিতর্কের দ্রুত সমাধান হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

নতুন প্রজন্মকে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি আমিরে জামায়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, ইতিহাস নিয়ে পড়ে থাকলে আমরা কখনো নতুন ইতিহাস রচনা করতে পারবো না। এই ইতিহাস নিয়ে পড়ে থাকার কারণেই আমাদের পরে স্বাধীন হওয়া অনেক দেশ আমাদের চেয়ে বেশি উন্নতি করেছে।মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বর্তমানে পার্লামেন্টে যারা আছেন তাদের অধিকাংশ সদস্যই তরুণ। 

স্বাধীনতার পরে যাদের জন্ম, তাদের কাকে স্বাধীনতা বিরোধী বা আল বদর বলা হবে সেটি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাজনৈতিক উদ্দেশ্যে ঢালাওভাবে এমন শব্দ ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, এসব কথা শুনলে জনগণ এখন হাসে।সমাবেশে তিনি শ্রমিকদের অধিকার রক্ষায় ইসলামের বিধান বাস্তবায়নের দাবি জানান। শ্রমিক সমাবেশের এই কর্মসূচিতে কুমিল্লা মহানগর জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।