শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে জাতীয় ন্যূনতম মজুরি থাকলেও এখনো মানসম্মত কাঠামো প্রতিষ্ঠিত হয়নি: রিজভী

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১, ২০২৬, ০৮:৪২ পিএম

দেশে জাতীয় ন্যূনতম মজুরি থাকলেও এখনো মানসম্মত কাঠামো প্রতিষ্ঠিত হয়নি: রিজভী

বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী

দেশে এখনো একটি মানসম্মত জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ না হওয়ায় সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিভিন্ন খাতে আলাদাভাবে ন্যূনতম মজুরি বাস্তবায়ন হলেও এখনো একটি অভিন্ন মানদণ্ড বা ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ নির্ধারণ করা সম্ভব হয়নি।

শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক দল আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। মহান মে দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। 

রিজভী বলেন, বিশ্বের অনেক দেশে দীর্ঘ শ্রমিক অধিকার আন্দোলনের মাধ্যমে ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো সেই মানদণ্ডটি অনুপস্থিত। তিনি দাবি করেন, শ্রমিকদের প্রকৃত স্বার্থ রক্ষায় একটি অভিন্ন মজুরি কাঠামো দ্রুত নির্ধারণ করা প্রয়োজন।

শ্রমিকদের আইনি সমস্যার কথা তুলে ধরে রুহুল কবির রিজভী জানান, বর্তমানে দেশের লেবার কোর্ট ও ট্রাইব্যুনালগুলোতে শ্রমিকদের বিপুল সংখ্যক মামলা ঝুলে আছে। এসব মামলার দীর্ঘসূত্রতার কারণে সাধারণ শ্রমিকরা হয়রানির শিকার হচ্ছেন। তিনি এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একইসঙ্গে দেশের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষে বন্ধ থাকা জুট মিলগুলো পুনরায় চালু করারও আহ্বান জানান তিনি।

রিজভী তাঁর বক্তব্যে অতীতের বিভিন্ন প্রকল্পের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, পূর্বে বিভিন্ন শিল্প ও বিদ্যুৎ প্রকল্প পরিকল্পিতভাবে বন্ধ করা হয়েছিল। এর ফলে বিপুল সংখ্যক শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাঁদের কর্মসংস্থান হারিয়েছেন। বর্তমান সরকারের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, সরকার এসব বিষয়ে ইতিবাচক ও শ্রমিকবান্ধব সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা করেন।

নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। সভাপতির বক্তব্যে সংগঠনের নেতারা শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে থাকার অঙ্গীকার করেন। রিজভী তাঁর বক্তব্যের শেষে বলেন, শ্রমিকের অধিকার রক্ষা না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।