মে ৩, ২০২৬, ০৮:০৬ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ হওয়ার পর তাঁর নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ না করার জন্য আবেদন জানিয়েছেন দলটির অপর নেত্রী ও প্রার্থী মনিরা শারমিন। রোববার (৩ মে) বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই আবেদন জমা দেওয়া হয়।
আবেদনে মনিরা শারমিন উল্লেখ করেন, সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক মনোনীত হয়ে তিনি মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। কিন্তু গত ২৩ এপ্রিল বেআইনিভাবে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরবর্তীতে এই আদেশের বিরুদ্ধে করা আপিল মামলাটিও গত ২৮ এপ্রিল খারিজ হয়ে যায়।
রিটকারী প্রার্থী মনিরা শারমিন জানান, তিনি রিটার্নিং কর্মকর্তার আদেশ এবং আপিল আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেছেন। এই রিট মামলাটি সোমবার (৪ মে) হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে।
মনিরা শারমিনের দাবি, হাইকোর্টের শুনানি শেষ না হওয়া পর্যন্ত অপর প্রার্থী নুসরাত তাবাসসুমের প্রার্থিতার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। তিনি উল্লেখ করেন, যেহেতু এনসিপি প্রথমে তাঁকে এই আসনে মনোনয়ন দিয়েছিল, সেহেতু নির্বাচন কমিশনের উচিত আদালতের আদেশের জন্য অপেক্ষা করা। অন্যথায় তিনি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের জানান, মনিরা শারমিনের আবেদনটি তাঁরা হাতে পেয়েছেন। আবেদনে রিট মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ না করার অনুরোধ করা হয়েছে। আইনগত দিকগুলো পর্যালোচনা করে এ বিষয়ে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, সরকারি চাকরি সংক্রান্ত জটিলতায় মনিরা শারমিনের মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। অন্যদিকে নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দিলেও হাইকোর্টের আদেশে তাঁর আবেদন গৃহীত হয় এবং গত ২ মে তাঁকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের মতে, সোমবারের শুনানিতে যদি মনিরা শারমিনের মনোনয়নপত্র বৈধতা পায়, তবে এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অন্যথায় নুসরাত তাবাসসুমই সরাসরি সংসদ সদস্য হিসেবে গেজেটভুক্ত হবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন