মে ৯, ২০২৬, ০৮:১৫ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেছেন যে, আগামী ১২ তারিখের নির্বাচনের তারিখটি বিএনপি লন্ডনে বসে ষড়যন্ত্রের মাধ্যমে নির্ধারণ করে এনেছে। কেন নির্বাচন না হওয়া নিয়ে বিএনপির মনে সন্দেহ তৈরি হলো, সেই প্রশ্নও তোলেন তিনি। শনিবার সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হলরুমে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় সংবিধান সংস্কার এবং জুলাই আন্দোলনের চেতনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন জামায়াত নেতা। তিনি বলেন, জুলাই সনদ আর গণভোটকে আলাদা করা হয়েছে। জুলাই সনদে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে উনাদের `নোট অব ডিসেন্ট` বা ভিন্নমত দেওয়া আছে।
ওটা যদি হুবহু মানা হয়, তবে সংবিধান সংস্কারের অনেক মৌলিক বিষয় বাদ পড়ে যাবে। বিশেষ করে এক ব্যক্তি একইসাথে প্রধানমন্ত্রী এবং দলের প্রধান থাকতে পারবেন না—এমন সংস্কার প্রয়োজন। এছাড়া সংসদীয় পদ্ধতিতে উচ্চ কক্ষ এবং পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
মিয়া গোলাম পরোয়ার তাঁর বক্তব্যে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রক্রিয়ার সংস্কার নিয়ে জোর দেন। তিনি জানান, আন্তর্জাতিক আইন বা কোনো চুক্তি করার ক্ষেত্রে দুই প্রধান দলের ঐক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। বর্তমান ব্যবস্থায় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, পিএসসি, দুর্নীতি দমন কমিশন, কন্ট্রোলার জেনারেল ও গভর্নরসহ সাংবিধানিক পদগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছেমতো রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারেন। এই একক ক্ষমতার পরিবর্তন জরুরি বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ঐক্যমত কমিশন যদি বলে এসব নিয়োগ প্রক্রিয়া আগের মতোই থাকবে, তবে তা হবে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার পরিপন্থী। বর্তমানে পিএসসি সরকারি চাকরি দেয় এবং দুর্নীতি দমন কমিশন দুর্নীতি ঠেকানোর কাজ করে। কিন্তু যদি এসব প্রতিষ্ঠানের প্রধান প্রধানমন্ত্রী নিজেই নিয়োগ দেন, তবে স্বচ্ছতা বজায় রাখা সম্ভব নয়। মূলত এই একনায়কতান্ত্রিক ব্যবস্থা ঠেকানোর জন্যই ছাত্র-জনতা জীবন দিয়েছে।
জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। এছাড়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মফিজ উদ্দীন ও সেক্রেটারি দেলোয়ার হোসেনসহ পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনকালীন সংস্কার নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন