মে ২৫, ২০২৬, ০২:৩৩ পিএম
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে খোরশেদ আলমের নিয়োগের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। সোমবার দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান এক বিবৃতিতে এই নিয়োগকে বিতর্কিত আখ্যা দিয়েছেন। তিনি অবিলম্বে এই নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন।
নিয়োগটি লুটপাটকারী সিন্ডিকেট পুনর্বাসনের নীল নকশা বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে জনগণ ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।
কিন্তু বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষা উপেক্ষা করে ব্যাংক লুটেরাদের পুনর্বাসন করছে। বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে এস আলম গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়। এছাড়া ব্যাংকিং খাতের লুটপাট ও অর্থ পাচারের সঙ্গে জড়িতদের বিচার চেয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
ব্যাংকিং খাত এখন হুমকির মুখে পড়েছে।গত দেড় দশকে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দখল ও দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনে ডা. ইরান বলেন, জনগণের আমানত এখন চরম ঝুঁকিতে।
ইসলামী ব্যাংককে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং ব্যাংক খাতের লুটপাটের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।লেবার পার্টির নেতারা অবিলম্বে এসব দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন