মে ৩০, ২০২৬, ১২:৪১ পিএম
দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। আধুনিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনের যে স্বপ্ন জিয়াউর রহমান দেখেছিলেন, তা এখনো প্রাসঙ্গিক বলে তিনি মন্তব্য করেন।পুরোনো শাসনব্যবস্থার পরিবর্তে একটি কার্যকর ও আধুনিক রাষ্ট্র কাঠামোর ভিত্তি তিনি স্থাপন করেছিলেন বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
দেশের চলমান সংস্কার কার্যক্রমও অনেক ক্ষেত্রে সেই রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এগিয়ে নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জিয়াউর রহমানের আদর্শ ও পথনির্দেশনা অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।
বিএনপি ভবিষ্যতেও জিয়াউর রহমানের দেখানো পথ ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনার একটি সুশাসনভিত্তিক কাঠামোর দিকে যেতে চায় বলেও উল্লেখ করেন তিনি। ফ্যাসিবাদের জাঁতাকলে পড়ার কারণে দীর্ঘ সময় দেশের মানুষ স্বাধীনভাবে এই দিনটি পালন করতে পারেনি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। দিনটিকে ঘিরে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন