বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন ছাত্রশিবির সভাপতি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ০৭:২১ পিএম

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন ছাত্রশিবির সভাপতি

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। বৃহস্পতিবার পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদের নিজ বাসভবন সংলগ্ন কবরস্থানে এ জিয়ারত সম্পন্ন হয়।শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন ছাত্রশিবির সভাপতি।

জিয়ারত শেষে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম শহীদের পিতা-মাতা ও ভাইদের সঙ্গে কথা বলেন। তিনি আবু সাঈদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সবসময় তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনও পরিদর্শন করেন।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা নূরুল আমীন, চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. এস এম খালিদুজ্জামান এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিলসহ রংপুর অঞ্চলের স্থানীয় নেতৃবৃন্দ।

ছাত্রশিবির সভাপতি বলেন, শহীদ আবু সাঈদের অকুতোভয় আত্মত্যাগ এ জাতির সংগ্রামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। তার শাহাদাতের মধ্য দিয়েই এ জাতির বিবেক জাগ্রত হয়েছে। তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানের সকল শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ছাত্র-জনতার ওপর সংঘটিত বর্বরোচিত হামলা ও গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

তিনি প্রশাসনের কাছে আবু সাঈদ, আলী রায়হান, মুগ্ধ, শান্ত ও ওয়াসিমসহ সকল শহীদ হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারও দাবি করেন তিনি।সাদ্দাম বলেন, জুলাই শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। শহীদরা বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে আত্মত্যাগ করেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে ছাত্রশিবির সবসময় কাজ করে যাবে।