রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আইনের শাসন ও শক্তিশালী প্রতিষ্ঠানই গণতন্ত্রকে টিকিয়ে রাখে: মির্জা ফখরুল

রবিউল এহ্সান রিপন

আগস্ট ২, ২০২৬, ০৩:৩৪ পিএম

আইনের শাসন ও শক্তিশালী প্রতিষ্ঠানই গণতন্ত্রকে টিকিয়ে রাখে: মির্জা ফখরুল

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রকে সুদৃঢ় করতে হলে বিচার বিভাগ ও প্রশাসনসহ রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশ এক দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে এসেছে এবং এখন গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

প্রতিবেশী দেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, নানা সমস্যা থাকা সত্ত্বেও ভারতে গণতন্ত্র টিকে আছে কারণ তাদের বিচার বিভাগ ও প্রশাসনের মতো মৌলিক প্রতিষ্ঠানগুলো অত্যন্ত শক্তিশালী ও স্বাধীন। আমাদের দেশেও একই রকম নিরপেক্ষ ব্যবস্থা গড়ে তুলতে হবে উল্লেখ করে তিনি বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার ধরে রাখতে পারলে সমাজকে অনেকখানি এগিয়ে নেওয়া সম্ভব। বর্তমান সরকার সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।

তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক ঠাকুরগাঁওয়ের জন্যও একটি বড় সংকট এবং তা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া ঠাকুরগাঁওয়ের অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, বড় শিল্পকারখানা না থাকায় স্থানীয় সুগার মিলের বিকল্প হিসেবে কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। ইতোমধ্যে একটি বিশ্ববিদ্যালয় ও নতুন মেডিকেল কলেজ অনুমোদিত হয়েছে এবং আগামী বছর থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হবে।

এর আগে একই দিন সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির উদ্যোগে নেপাল ও বাংলাদেশের যৌথ পরিচালনায় আয়োজিত ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী। সেখানে তিনি বলেন, বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণ সাধিত হবে।দিনব্যাপী এই চক্ষু শিবিরে শত শত দরিদ্র মানুষকে বিনামূল্যে চোখের পরীক্ষা, চিকিৎসাসংক্রান্ত পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।