আগস্ট ২১, ২০২৬, ১১:৩৬ এএম
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জাতীয় নির্বাচন পূর্ববর্তী একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ওয়াদা পূরণের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক প্রোফাইলে করা এক পোস্টে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।
রাষ্ট্রপতির পোস্টটি শেয়ার করে জুমার এই আহ্বান রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।শেয়ার করা স্ক্রিনশটে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছিলেন, ঢাকা বিমানবন্দরে নামার পর এক তরুণ তার স্ত্রীকে নিয়ে তার কাছে এসে হাদী নামের এক ব্যক্তির জন্য ন্যায়বিচার চেয়েছিলেন। সেই তরুণকে তিনি আশ্বস্ত করেছিলেন। পোস্টটিতে তিনি গণতন্ত্রের পক্ষে প্রচারণার সময় নিহত ব্যক্তিদের হত্যার বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই ওয়াদার প্রসঙ্গেই ডাকসু নেত্রী জুমা লিখেছেন, মহামান্য রাষ্ট্রপতি, আপনার ওয়াদা পূরণ করুন।
উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন পূর্ববর্তী প্রচারণার সময় সব ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তার কাছে সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবি জানিয়েছেন ডাকসু নেত্রী। এই পোস্টের মাধ্যমে তিনি শহীদ হাদীসহ গণতন্ত্রের পক্ষে আন্দোলনে নিহত ব্যক্তিদের বিচারের বিষয়টি পুনরায় সামনে নিয়ে এলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন