রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে আসছে ৪ মে

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ১০:১১ এএম

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে আসছে ৪ মে

নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী সোমবার (৪ মে) দেশে পৌঁছাবে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিমনের মরদেহ দেশে পাঠানোর সব ধরনের প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে তার মরদেহ একটি ফিউনারেল হোমে রাখা হয়েছে।দূতাবাসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ফ্লোরিডার টম্পা বে এরিয়ার ইসলামিক সোসাইটিতে জামিল লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। 

জানাজা শেষে মরদেহটি বিমানে করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।নির্ধারিত সূচি অনুযায়ী, লিমনের মরদেহ যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো থেকে শনিবার (২ মে) রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ০২২০ নম্বর ফ্লাইটে রওনা হবে। 

যাত্রাপথে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ট্রানজিট শেষে এমিরেটস এয়ারলাইন্সের ০৫৮২ নম্বর ফ্লাইটে মরদেহটি সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহটি লিমনের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা এস বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার আট দিন পর গত শুক্রবার হিলসবরো কাউন্টি শেরিফ অফিস হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে। তবে নিখোঁজ থাকা অন্য শিক্ষার্থী বৃষ্টির মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

লিমনের মরদেহ উদ্ধারের পর তার রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নথিপত্র এবং পুলিশের ভাষ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নৃশংস এবং পরিকল্পিত। তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের অন্তত ১৫ দিন আগে লিমনের পক্ষ থেকে অভিযুক্ত হিশামের বিরুদ্ধে কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তবে ওই সময় যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে দাবি উঠেছে।