নভেম্বর ২৪, ২০২৫, ০৩:১৮ পিএম
শীতের আগমনী বার্তা নিয়ে যখন বিকেল শুরু হয় হালকা ঠান্ডা হাওয়ায়, ঠিক তখনই বাঙালির রান্নাঘরে ভাজা-পোড়া বা পকোড়ার আয়োজন শুরু হয়। এই সময়ে বিকেলের নাস্তার তালিকায় ফুলকপির পকোড়া বা বড়া যেন সবারই অন্যরকম পছন্দ।
বাইরের দিকে মচমচে এবং ভেতরে তুলতুলে নরম, এই দুয়ের মিশেলে তৈরি ফুলকপির পকোড়া কেবল স্বাদের দিক থেকেই সেরা নয়, প্রস্তুতিতেও এটি খুব সহজ একটি খাবার। চলুন দেখে নেওয়া যাক, অল্প উপকরণে কীভাবে খুব সহজেই তৈরি করা যায় এই জনপ্রিয় বাঙালি স্ন্যাকস।
এই পকোড়া তৈরি করার জন্য প্রথমে একটি মাঝারি আকারের ফুলকপিকে ছোট ছোট ফ্লোরেট বা টুকরা করে নিতে হবে।
এরপর ফুলকপির ফ্লোরেটগুলি ভালো করে পরিষ্কার করে সামান্য নুন দেওয়া গরম জলে তিন থেকে চার মিনিট ভাপিয়ে নিতে হবে। এই প্রক্রিয়াতে ফুলকপি নরম হবে এবং ভাজার সময় দ্রুত সেদ্ধ হবে। ভাপানো শেষে পানি ঝরিয়ে সেগুলোকে ঠান্ডা করতে রেখে দিতে হবে। পকোড়ার জন্য ব্যাটার তৈরি করতে একটি বড় বাটিতে নিতে হবে এক কাপ বেসন, আধা কাপ চালের গুঁড়ো, এক চা চামচ আদা-রসুন বাটা, আধা চা চামচ কাঁচালঙ্কা বাটা বা কুচি। এর সঙ্গে আধা চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো মেশাতে হবে, এবং স্বাদমতো নুন যোগ করতে হবে।
কেউ চাইলে এক-চতুর্থাংশ চা চামচ গরম মশলাও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটিতে অল্প অল্প করে জল মিশিয়ে একটি ঘন এবং মসৃণ ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার তৈরি শেষে এক টেবিল চামচ ধনে পাতা কুচি (ঐচ্ছিক) মিশিয়ে দেওয়া যেতে পারে।ব্যাটার তৈরি হয়ে গেলে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলি তার মধ্যে দিয়ে ভালোভাবে মেশাতে হবে, যাতে প্রতিটি টুকরোর গায়ে সমানভাবে ঘন ব্যাটারের কোটিং পড়ে যায়। এরপর একটি কড়াইয়ে ভাজার জন্য তেল গরম করে নিতে হবে। তেল যথেষ্ট গরম হলে ব্যাটার মাখানো ফুলকপির টুকরোগুলি আস্তে করে তেলের মধ্যে ছাড়তে হবে।
মাঝারি আঁচে উল্টেপাল্টে সোনালী রঙ ধারণ করা পর্যন্ত এবং মচমচে হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। পকোড়া ভাজা হয়ে গেলে বাড়তি তেল শুষে নিতে সেগুলোকে কিচেন টিস্যুর উপরে তুলে রাখতে হবে। গরম গরম এই সুস্বাদু ফুলকপির পকোড়া টমেটো সস অথবা পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বৃষ্টির বা শীতের বিকেলে নিজের মন ভালো করতে - যেকোনো সময়ই এই পকোড়া দুর্দান্ত মানিয়ে যায়। এই সহজ রেসিপি একবার ট্রাই করে দেখলেই পরিবারে প্রশংসার ঝড় উঠবেই।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন