রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বৃষ্টির বিকেলে ঘরেই বানান মচমচে করলা পাতার বড়া

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ০৩:৫৫ পিএম

বৃষ্টির বিকেলে ঘরেই বানান মচমচে করলা পাতার বড়া

ছবি - সংগৃহীত

ঝুম বৃষ্টি আর মেঘলা দিনে গরম চায়ের সঙ্গে মচমচে কোনো ভাজাভুজি হলে বিকেলটা যেন জমে যায়। ঘরে যদি তেমন কোনো উপকরণ না-ও থাকে, ক্ষতি নেই। আপনার বারান্দার টবে থাকা করলা গাছের পাতা দিয়েই বানিয়ে নিতে পারেন অসাধারণ স্বাদের এক পদ—করলা পাতার বড়া। মুখের রুচি ফেরাতে এই বড়ার জুড়ি নেই। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

প্রয়োজনীয় উপকরণ করলা পাতা দুই মুঠো, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ, পুদিনা পাতা কুচি এক টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক চা চামচ, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো প্রতিটি এক চা চামচ করে, বুটের ডালের বেসন আধা কাপ, চিনি আধা চা চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ, স্বাদমতো লবণ, ভাজার জন্য সয়াবিন তেল এবং আধা কাপের কম পানি।

প্রস্তুত প্রণালি প্রথমে করলা পাতাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিন। এরপর একটি পাত্রে তেল ছাড়া বাকি সব শুকনো ও বাটা উপকরণ একসঙ্গে নিয়ে অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে একটি ঘন মিশ্রণ তৈরি করুন।এবার একটি কড়াইতে সয়াবিন তেল গরম হতে দিন। তেল গরম হয়ে গেলে মাখানো মিশ্রণ থেকে অল্প পরিমাণে নিয়ে বড়ার মতো আকার দিয়ে গরম তেলে ছাড়ুন।

মাঝারি আঁচে সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে একটি কিচেন টিস্যুর ওপর তুলে নিন, যাতে অতিরিক্ত তেল ঝরে যায়।সবশেষে টমেটো, শসা, পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন জিভে জল আনা মচমচে করলা পাতার বড়া।