রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বৃষ্টিভেজা দিনে কী খাবেন? রইল মুরগির মাংস ভুনার রেসিপি

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০৩:০৪ পিএম

বৃষ্টিভেজা দিনে কী খাবেন? রইল মুরগির মাংস ভুনার রেসিপি

ছবি - সংগৃহীত

বর্ষাকাল গত হয়ে শরৎকালও শেষের দিকে, কিন্তু বৃষ্টি যেন তার খেয়াল-খুশিমতো যখন-তখন অঝোরে ঝরছে। আর এমন বৃষ্টিভেজা অলস দুপুরে বা সন্ধ্যায় গরম গরম খিচুড়ির সঙ্গে যদি থাকে ঝাল ঝাল মুরগির মাংস ভুনা, তাহলে তো আর কথাই নেই! খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে সহজেই আপনিও বানিয়ে ফেলতে পারেন এই জিভে জল আনা পদটি।

প্রয়োজনীয় উপকরণ এই মজাদার মুরগির মাংস ভুনা তৈরি করতে আপনার প্রয়োজন হবে মাঝারি টুকরো করে কাটা একটি দেশি মুরগি, পেঁয়াজ কুচি এক কাপ ও বাটা এক টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক টেবিল চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, জিরা গুঁড়া এক চা চামচ, ধনে গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, এলাচ, লবঙ্গ ও দারুচিনির মতো গরম মসলা ৩-৪টি করে, কাঁচামরিচ ৪টি, পরিমাণমতো তেল এবং স্বাদমতো লবণ।

প্রস্তুত প্রণালি প্রথমে একটি কড়াই বা প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজ নরম হয়ে এলে তাতে আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। এরপর হলুদ, মরিচ, জিরা, ধনে গুঁড়া এবং লবণ দিয়ে সামান্য পানি যোগ করে মশলাটি ভালোভাবে কষাতে থাকুন, যতক্ষণ না মশলার ওপর তেল ভেসে ওঠে।

কষানো মশলায় মুরগির মাংসের টুকরোগুলো দিয়ে দিন এবং ১০-১৫ মিনিট ধরে ভালোভাবে নাড়তে থাকুন। মাংস কষানো হয়ে গেলে প্রয়োজনে সামান্য গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন এবং মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে আস্ত গরম মসলাগুলো দিয়ে দিন। সবশেষে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়ে নামিয়ে নিন। গরম খিচুড়ি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন আপনার নিজের হাতে বানানো অসাধারণ স্বাদের মুরগির মাংস ভুনা।