অক্টোবর ১৭, ২০২৫, ০৭:০৬ পিএম
মাছে-ভাতে বাঙালির পাতে রুই মাছ থাকবে না, তা যেন ভাবাই যায় না। শুধু সাধারণ ঝোল বা ভাজা নয়, এই একটি মাছ দিয়েই তৈরি করা যায় অসংখ্য জিভে জল আনা পদ। প্রতিদিনের একঘেয়েমি কাটিয়ে খাবারের টেবিলে নতুনত্ব আনতে আজ রইল রুই মাছের আটটি ভিন্ন স্বাদের রেসিপি।
রাজকীয় স্বাদের জন্য তৈরি করতে পারেন ক্ষীরোদ রুই। এর জন্য প্রয়োজন হবে রুই মাছ, পেঁয়াজ, টমেটো, কাঁচালঙ্কা, গরম মসলা, দুধ, ময়দা, ধনে গুঁড়ো ও ঘি। প্রথমে মাছ ভেজে নিন। এরপর কড়াইতে ঘি-তেল গরম করে পেঁয়াজ, টমেটো ও অন্যান্য মসলা কষিয়ে দুধ আর ময়দার মিশ্রণ দিয়ে গ্রেভি তৈরি করুন। গ্রেভি ঘন হলে মাছ দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিন।
অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পেতে বানান রুই মাছের রেজালা। লাগবে রুই মাছ, টক দই, পেঁয়াজ বাটা, আদা, কাঁচালঙ্কা, গরম মশলা ও জায়ফল-জয়িত্রী। মাছ, দই ও মসলা দিয়ে ম্যারিনেট করে ভেজে তুলে রাখুন। এরপর পেঁয়াজ ও বাকি মশলা কষিয়ে মাছ দিয়ে অল্প জল দিয়ে রান্না করলেই তৈরি।
একটু ভিন্ন স্বাদের জন্য রয়েছে গন্ধরাজ রুই। এর মূল উপকরণ রুই মাছ, গন্ধরাজ লেবুর রস ও পাতা, টক দই, পোস্ত ও সর্ষে বাটা। মাছ ভেজে তুলে রেখে দই, পোস্ত-সর্ষে বাটা ও অন্যান্য মসলা দিয়ে গ্রেভি তৈরি করুন। শেষে মাছ দিয়ে গন্ধরাজ লেবুর পাতা ও রস ছড়িয়ে দমে রাখুন।
বিশেষ আয়োজনে তৈরি করুন রুই মাছের কোরমা। প্রয়োজন হবে রুই মাছ, পেঁয়াজ বেরেস্তা, আদা-রসুন, কিসমিস, কাজু, পোস্ত ও টক দই। কাজু-কিসমিস বেটে পোস্ত ও দইয়ের সঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপর তেলে ফোড়ন দিয়ে সব মশলা কষিয়ে ওই পেস্ট দিয়ে গ্রেভি বানান। মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে শেষে ঘি ও গরম মসলা ছড়িয়ে দিন।
স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবারের জন্য ভাপা রুই-এর জুড়ি নেই। সর্ষে, পোস্ত, চারমগজ বাটা, টক দই, হলুদ ও কাঁচালঙ্কা একসঙ্গে মেখে মাছের গায়ে লাগিয়ে একটি টিফিন বাটিতে ১৫-২০ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি এই অসাধারণ পদ।
বাঙালির চিরন্তন পছন্দের পদ হলো রুই মাছের সরষে পোস্ত। এর জন্য লাগবে রুই মাছ, সর্ষে-পোস্ত বাটা, কাঁচা লঙ্কা ও কালো জিরে। মাছ হালকা ভেজে তুলে রেখে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে-পোস্তর মিশ্রণটি কষিয়ে নিন। এরপর মাছ ও অল্প জল দিয়ে মাখা মাখা করে রান্না করুন।
খুব সাধারণ উপকরণে তৈরি করা যায় দই রুই। টক দই, পেঁয়াজ, আদা ও গরম মসলা দিয়ে এই পদটি তৈরি হয়। মাছ ভেজে তুলে রেখে তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজ ও মসলা কষিয়ে দই দিয়ে গ্রেভি তৈরি করুন। এরপর মাছ দিয়ে ঝোল ঘন হওয়া পর্যন্ত রান্না করুন।
সবশেষে রয়েছে বাঙালির প্রিয় রুই মাছের কালিয়া। পেঁয়াজ, আদা-রসুন, জিরে ও টক দই দিয়ে কষিয়ে মশলা তৈরি করে ভেজে রাখা মাছ দিয়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে জিভে জল আনা এই পদটি।
তাহলে আর দেরি কেন? আজই আপনার পছন্দের রেসিপিটি বানিয়ে ফেলুন আর পরিবারের সবাইকে দিন এক নতুন স্বাদের চমক।




দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন