রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৭:৪৪ পিএম

ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

ছবি-দিনাজপুর টিভি

শান্তি, ন্যায় প্রতিষ্ঠা এবং ভ্রাতৃত্বের অমিয় বাণী নিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে খ্রিষ্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই উপজেলার ৬৩টি গির্জা ও চার্চে বিশেষ প্রার্থনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

সকাল সাড়ে ৯টায় ৩নং কাজিহাল ইউনিয়নের পারইল কুদবী মিশনে বড়দিনের বিশেষ ধর্মসভা ও প্রার্থনা পরিচালনা করেন ফাদার মাইকেল ক্রুশ।

প্রার্থনায় দেশ ও জাতির সুখ, শান্তি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়। প্রার্থনা শেষে কুদবী মিশন চত্বরে খ্রিষ্ট ধর্মাবলম্বী নারী-পুরুষরা নিজস্ব বাদ্যযন্ত্রের তালে মনোমুগ্ধকর ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন।

ফাদার মাইকেল ক্রুশ তাঁর বাণীতে বলেন, প্রভু যিশু খ্রিষ্ট অন্তরের অন্ধকার দূর করে আলোর পথ দেখানোর বাণী নিয়ে পৃথিবীতে এসেছিলেন। আজকের এই দিনে আমাদের প্রার্থনা—সবার মাঝে যেন ভ্রাতৃত্ব ও শান্তি বজায় থাকে।একইভাবে পুখুরী কামারপাড়া ক্যাথলিক চার্চে পালক ফ্রান্সিস মুর্মু এবং রাঙামাটি ট্রিনিটি লুথারেন চার্চ ট্রাস্টে পরিচালক বাবুলাল হাঁসদার নেতৃত্বে উৎসব পালিত হয়।উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে উপজেলার প্রতিটি খ্রিষ্টান পল্লীতে।

কুদবী মিশনপাড়ার গৃহবধূ রোজিনা টুডু ও শিক্ষার্থী রিমি টুডু জানান, বড়দিন উপলক্ষে প্রতিটি বাড়ি আলপনা ও আলোকসজ্জায় সাজানো হয়েছে। যিশুর জন্মের স্মৃতি স্মরণে বাড়ির আঙিনায় তৈরি করা হয়েছে প্রতীকী গোশালা। আত্মীয়-স্বজনদের আগমনে এবং পিঠাপুলির আয়োজনে পল্লীগুলোতে এখন উৎসবের আমেজ তুঙ্গে, যা আগামী এক সপ্তাহ ধরে চলবে।ফুলবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বড়দিন উপলক্ষে প্রতিটি গির্জা ও গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।