শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

নিজের কোরবানির পশু কি নারীরা জবাই করতে পারবেন?

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১০, ২০২৬, ০৪:৩৭ পিএম

নিজের কোরবানির পশু কি নারীরা জবাই করতে পারবেন?

পশু জবাই নিয়ে ইসলামি মাসআলা।

ইসলামে সামর্থ্যবান মুসলিম নর-নারীর জন্য কোরবানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ওয়াজিব ইবাদত। পবিত্র কোরআনের সুরা কাওসারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন রবের উদ্দেশ্যে নামাজ আদায় ও কোরবানি করার জন্য। সাধারণত ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে যাদের কাছে নেসাব পরিমাণ সম্পদ থাকে, তাদের ওপর কোরবানি ওয়াজিব হয়। 

তবে প্রতি বছর কোরবানিকে কেন্দ্র করে নারীদের পশু জবাই করা নিয়ে সমাজে নানা আলোচনা ও প্রশ্ন দেখা দেয়।অনেকের ধারণা পশু জবাই কেবল পুরুষদের কাজ এবং নারীরা এটি করতে পারবেন না। তবে ইসলামি ফিকহ ও আলেমদের ব্যাখ্যা অনুযায়ী, নারীরাও তাদের কোরবানির পশু নিজ হাতে জবাই করার সুযোগ পান। 

নির্দিষ্ট কিছু শর্ত ও নিয়ম মেনে এটি সম্পন্ন করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।রাজধানীর জামিয়া ইসলামিয়া বায়তুস সালামের সিনিয়র মুফতি আবদুর রহমান হোসাইনী এ বিষয়ে জানান, যদি কোনো নারী পশু জবাই করার নিয়মাবলি সম্পর্কে অবগত থাকেন এবং সঠিকভাবে তা সম্পন্ন করার সক্ষমতা রাখেন, তবে তিনি নিজের পশু নিজে জবাই করতে পারবেন। 

এ ক্ষেত্রে আদ্দুররুল মুখতার ও আল বিনায়ার মতো নির্ভরযোগ্য কিতাবের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, নির্দিষ্ট শর্তসাপেক্ষে এটি উত্তমও হতে পারে।নারীদের পশু জবাইয়ের ক্ষেত্রে প্রধান শর্ত হলো পর্দা ও শালীনতা রক্ষা করা। যেখানে পশু জবাই করা হবে, সেখানে যেন পর্দার কোনো লঙ্ঘন না হয় সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে। এছাড়া জবাই করার সময় যে দোয়া ও ছুরি চালানোর নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সে সম্পর্কে ওই নারীকে পুরোপুরি জ্ঞান রাখতে হবে।

মুফতি আবদুর রহমান হোসাইনী আরও উল্লেখ করেন, যদি কোনো নারী এই পদ্ধতিগুলো সম্পর্কে জ্ঞাত হন এবং কোনো পুরুষকে দিয়ে জবাই না করিয়ে নিজে করতে চান, তবে শরিয়ত তাকে সেই অনুমতি দিয়েছে। ফাতাওয়া তাতারখানিয়া ও ফাতাওয়া কাসিমিয়্যাহর মতো দলিলে এ বিষয়টির বৈধতা পাওয়া যায়। মূলত পর্দা বজায় রেখে সঠিক পদ্ধতিতে জবাই সম্পন্ন করাই এখানে মূল বিবেচ্য বিষয় হিসেবে গণ্য করা হয়েছে।