শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

সাধারণ মানুষকে জিলহজের চাঁদ দেখার আহ্বান সৌদির

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৬, ২০২৬, ১০:৪১ এএম

সাধারণ মানুষকে জিলহজের চাঁদ দেখার আহ্বান সৌদির

জিলহজ মাসের চাঁদ

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামীকাল রবিবার (১৭ মে) সৌদিতে জিলকদ মাসের ২৯তম দিন হওয়ায় ওই দিন সন্ধ্যায় আকাশে জিলহজের চাঁদ দেখা যেতে পারে বলে জানানো হয়েছে। গত শুক্রবার (১৫ মে) এক ঘোষণায় সৌদির সুপ্রিম কোর্ট এই আহ্বান জানায়।

কেউ চাঁদ দেখতে পেলে তাকে দ্রুত সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটিকে বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।যদি ১৭ মে সৌদির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়, তবে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা। 

তবে ওই দিন চাঁদ দেখা না গেলে ২৭ মে হজ এবং ২৮ মে ঈদুল আজহা পালিত হবে। সৌদির জ্যোতির্বিজ্ঞান সংশ্লিষ্ট পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, ১৭ মে সূর্যাস্তের পর খালি চোখেই চাঁদ দেখা যেতে পারে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র এক প্রতিবেদনে জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ওই দিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে বিশ্বের বেশির ভাগ দেশে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।