রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৩-০ গোলে এগিয়ে থেকেও ইন্টার মায়ামির অবিশ্বাস্য হার

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩, ২০২৬, ০৯:৫৭ এএম

৩-০ গোলে এগিয়ে থেকেও ইন্টার মায়ামির অবিশ্বাস্য হার

পরাজয়ের পর হতাশ মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে ৩-০ গোলে এগিয়ে থেকে পরাজয়ের ঘটনা আগে ঘটেছে মাত্র দুইবার। আজ রোববার (৩ মে) তৃতীয়বারের মতো সেই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলো লিওনেল মেসির ইন্টার মায়ামি। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ গোলে অরল্যান্ডো সিটির কাছে হেরেছে মায়ামি।

বাংলাদেশ সময় রোববার সকালে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় ইন্টার মায়ামি। ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। টেলাস্কো সেগোভিয়ার ক্রসে হেড করে গোল করেন মিকায়েল। এরপর ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মায়ামি।

লুইস সুয়ারেজ ও মেসির সমন্বয়ে গড়া আক্রমণ থেকে গোল করেন সেগোভিয়া। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে দূরপাল্লার এক দর্শনীয় শটে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক লিওনেল মেসি।ম্যাচটি যখন একতরফা জয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ঘুরে দাঁড়ায় অরল্যান্ডো সিটি। বিরতির আগে একটি গোল শোধ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার মার্টিন ওজেদা। 

দ্বিতীয় অর্ধে পাল্টে যায় পুরো চিত্র। আক্রমণে মনোযোগী হতে গিয়ে রক্ষণে ফাঁক রেখে দেয় মায়ামি। এই সুযোগে নিজের দ্বিতীয় ও তৃতীয় গোল করে ম্যাচে ৩-৩ সমতা ফেরান ওজেদা। তাঁর হ্যাটট্রিকে ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ পায় অরল্যান্ডো।ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই অতিরিক্ত সময়ে শেষ আঘাত হানে অরল্যান্ডো। টায়রিস স্পাইসার গোল করে দলকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন। 

এই গোলেই অরল্যান্ডোর অবিশ্বাস্য জয় নিশ্চিত হয় এবং মায়ামির হাতছাড়া হয় পূর্ণ পয়েন্ট।এই হারের ফলে ঘরের মাঠে বড় সুযোগ নষ্ট করল ইন্টার মায়ামি। একইসঙ্গে এপ্রিলের শুরুতে নিজেদের নতুন স্টেডিয়াম উদ্বোধনের পর থেকে টানা চার ম্যাচে জয়হীন থাকল লিওনেল মেসির দল। ৩-০ গোলের লিড হারানোর এই হার মায়ামির রক্ষণের দুর্বলতাকে নতুন করে সামনে নিয়ে এল।