বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

ফের বিশ্বকাপ মাতাবেন শাকিরা, এবার আসছেন ‘দাই দাই’ নিয়ে

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৮, ২০২৬, ১১:৪৬ এএম

ফের বিশ্বকাপ মাতাবেন শাকিরা, এবার আসছেন ‘দাই দাই’ নিয়ে

শাকিরার নতুন গানের টিজার। (ছবি: সংগৃহীত)

পপ তারকা শাকিরা আবারও ফিরছেন ফুটবল বিশ্বকাপের মঞ্চে। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে তিনি তাঁর নতুন গান ‘দাই দাই’-এর টিজার প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিনিটের একটি ভিডিওর মাধ্যমে এই ঘোষণা দেন কলম্বিয়ান এই শিল্পী।নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয় এই গানে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন। 

টিজারে দেখা যায়, ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের মাঠে ফুটবল হাতে দাঁড়িয়ে আছেন শাকিরা। তাঁর পরনে ছিল হলুদ জার্সি ও নীল শর্টস। ভিডিওর ক্যাপশনে শাকিরা উল্লেখ করেছেন, ‘মারাকানা স্টেডিয়াম থেকে, এই হলো দাই দাই, ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান।’

আগামী ১৪ মে গানটি পূর্ণাঙ্গভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে। টিজার ভিডিওর শেষ দিকে ‘উই আর রেডি’ বার্তার পাশাপাশি বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী পোশাক পরা নৃত্যশিল্পীদের পারফর্ম করতে দেখা যায়। গানের কিছু অংশে শাকিরাকে গাইতে শোনা যায়, ‘ইউ বিলং’ এবং ‘হোয়াট ব্রোক ইউ ওয়ান্স, মেইড ইউ স্ট্রং’।

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ গানটি বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। দীর্ঘ ১৬ বছর পর আবারও শাকিরার ফেরার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। অনেক ভক্ত মন্তব্য করেছেন, শাকিরার প্রত্যাবর্তনের মাধ্যমেই বিশ্বকাপের আমেজ পূর্ণতা পেল।ফিফা সূচি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ আগামী ১১ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে শুরু হবে। 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।শাকিরার এই গানকে ঘিরে ভক্তদের মাঝে উচ্ছ্বাস থাকলেও বিশ্বকাপের থিম সং নিয়ে কিছুটা বিভ্রান্তিও রয়েছে। কোকা-কোলা ইতোমধ্যে জে বালভিন ও স্টিভ ভাইদের নিয়ে একটি অফিশিয়াল থিম সং প্রকাশ করেছে। তবে ফুটবল বিশ্বকাপের আবেগের সঙ্গে শাকিরার নাম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকায় নতুন এই গানটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।