আবু সালেহ মো. রায়হান
ডিসেম্বর ১২, ২০২৫, ১০:৫২ এএম
ছবি-দিনাজপুর টিভি
হিমালয় কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে অগ্রহায়ণের শেষে কুয়াশার পরিমাণ কমলেও শীতের তীব্রতা পাল্লা দিয়ে বাড়ছে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলা জুড়ে চলছে দ্বিতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার বেগে হিমেল বাতাস বয়ে যাচ্ছে।
গতকাল রাত থেকে ঘন কুয়াশায় ঢেকে ছিল জেলার পথঘাট। রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা, যা আজ সকাল সাড়ে ৬টা পর্যন্ত দেখা যায়।
ভোরবেলা থেকে সড়ক-মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও দিন এবং রাতের তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস নিচে ওঠানামা করায় তীব্র শীত অনুভূত হচ্ছে। হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় জেলার মানুষজন নাস্তানাবুদ হয়ে পড়েছেন। শীত নিবারণের জন্য বিভিন্ন স্থানে মানুষজনকে আগুন পোহাতে দেখা গেছে। শীতের কারণে গবাদি পশুগুলোও দুর্ভোগে পড়েছে।
পথচারী ও রিকশাচালকরা (ভক্সপপ) জানান, শীতের তীব্রতা বাড়লেও জীবন ও জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষজনকে সকাল থেকে শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হতে হচ্ছে।আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে এবং জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।