মে ১, ২০২৬, ১০:৫৯ এএম
ঢাকাসহ দেশের ১৭ জেলায় আজ শুক্রবার দুপুরের মধ্যে দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে বলে নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছেএদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের অবস্থার কারণে এই বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে। দেশের সব বিভাগেই এই ঝড়-বৃষ্টির প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বজ্রবৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে।
উল্লেখ্য, মে মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর মতো ঝড়ো হওয়ার প্রবণতা দেখা দেয়। এর ফলে তাপমাত্রা কিছুটা কমলেও নৌযান চলাচল ও নিচু এলাকার ফসলের ক্ষেত্রে বাড়তি সতর্কতার প্রয়োজন হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অধিদপ্তর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন