শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

সন্ধ্যার মধ্যে চার বিভাগে বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১, ২০২৬, ০৩:৫৭ পিএম

সন্ধ্যার মধ্যে চার বিভাগে বজ্রসহ ভারি বৃষ্টির আভাস

ছবি-দিনাজপুর টিভি

আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (১ মে) সকালে আবহাওয়া অফিসের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। 

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। 

কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানান, দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এই কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনি, রবি ও সোমবারও দেশের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের এই প্রবণতার কারণে দেশের কোথাও কোথাও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।