জুন ২৫, ২০২৬, ১০:০২ পিএম
আগামীকাল শুক্রবার দেশের অনেক এলাকার আকাশ আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে। বিশেষ করে দেশের উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় মেঘের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে মেঘের এই আনাগোনার মাঝেই দিনের বিভিন্ন সময়ে দেশের অনেক এলাকায় মেঘের ফাঁকে কিছুটা রোদের দেখাও মিলতে পারে।
শুক্রবার দেশের মোট ৩০ থেকে ৩৫ শতাংশ এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, ২৬ জুন সিলেট, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর বিভাগের উত্তর অংশে বজ্রসহ বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অল্প কিছু এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
উপকূলীয় এলাকার দুই-একটি স্থান ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাব্য এলাকাগুলোতে মাঝারি ধরনের বজ্রপাতের আশঙ্কা থাকায় আকাশে মেঘ দেখা দিলেই সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।এই সময়ে শিলাবৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং কালবৈশাখী ঝড়ের তীব্রতা কম থাকলেও বৃষ্টিযুক্ত এলাকায় কিছুটা দমকা হাওয়া বইতে পারে।
দেশের অধিকাংশ এলাকায় দিনে স্বাভাবিক ভ্যাপসা গরম আবহাওয়া বিরাজ করতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী ও খুলনা বিভাগের দুই-একটি এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এর আগে ২৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের ডিমলায়, যার পরিমাণ ছিল ৮৯ মিলিমিটার।উত্তর বঙ্গোপসাগর সামান্য উত্তাল থাকতে পারে বলে সাগরে চলাচলরত নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন