জানুয়ারি ১, ২০২৬, ০৮:৪৩ পিএম
দিনাজপুরের কাহারোল উপজেলার দিগন্তজোড়া ফসলের মাঠ এখন সরিষা ফুলের হলুদ আভায় রাঙানো। যেদিকে চোখ যায়, সবুজের মাঝে শুধু হলুদের সমাহার। প্রতিকূল আবহাওয়া কাটিয়ে চলতি মৌসুমে উপজেলায় সরিষার ব্যাপক আবাদ হয়েছে।
মাঠজুড়ে ফুলের গন্ধে মৌমাছির গুঞ্জন আর পাখির আনাগোনা কৃষকের মনে এনে দিয়েছে নতুন স্বপ্ন।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর কাহারোলে ৯০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল।
তবে চলতি বছরে তা বৃদ্ধি পেয়ে ১ হাজার ১৫০ হেক্টরে দাঁড়িয়েছে। মূলত লাভজনক ফসল হওয়ায় এবং সরকারি প্রণোদনার কারণে কৃষকরা সরিষা চাষে বেশি আগ্রহী হয়েছেন।
সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায় বাহারি ফসলের চিত্র। বলরামপুর গ্রামের কৃষক আব্দুল বাসেদ জানান, তিনি এবার ৩৩ শতক জমিতে সরিষা চাষ করেছেন। একই গ্রামের শাহজাহান আলী কৃষি বিভাগের প্রণোদনা পেয়ে এক বিঘা জমিতে আবাদ করেছেন। এছাড়াও ঈশানপুর গ্রামের আব্দুল হানিফ ২ বিঘা জমিতে সরিষা বুনেছেন। তাঁদের আশা, এ বছর সরিষার দাম ও ফলন দুটোই ভালো মিলবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম জানান, সরিষা চাষ জনপ্রিয় করতে চলতি মৌসুমে উপজেলার ১ হাজার ৩০০ জন কৃষককে ১ কেজি করে উন্নত মানের বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে। আবাদ গত বছরের তুলনায় অনেক ভালো হয়েছে এবং এবার সরিষার বাম্পার ফলন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন